মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ মাঠে ষষ্ঠ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গাজীপুর-৩ আসনে তিনি পাঁচবার সংসদ সদস্য ছিলেন।
শেষ জানাজায় ইমামতি করেন রহমত আলীর বড়ো ছেলে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্বদ্যািলয়ের অধ্যাপক ও পরমাণু বিজ্ঞানী ড. জাহিদ হাসান তাপস। এর আগে মাওনা পিয়ার আলী কলেজে, গাজীপুর সদরের রাজবাড়ি মাঠে ও ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে একটি করে জানাজা হয়। তার জানাজায় জনস্রোতের সৃষ্টি হয়। শহিদ বরকত স্টেডিয়ামে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখানে জানাজার আগে প্রয়াত নেতাকে স্মরণ করে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, দলটির মহানগর সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারউজ্জামান প্রমুখ। গত রবিবার তিনি ইন্তেকাল করেন।
