ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় গ্যাসের চুলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের পর এবার না ফেরার দেশে পারি জমিয়েছেন ছেলে। তার নাম কিরণ মিয়া (৫০)। সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে আগুনের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত দুজনের মৃত্যু হলো। আগুনে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। এর আগে সোমবার বেলা সোয়া ১১টার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান কিরণের মা নুরজাহান বেগম (৭০)।
উল্লেখ্য, গত সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা সীমান্তবর্তী সাইন বোর্ড সাহেবপাড়া এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাসের চুলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৮ জন দগ্ধ হন। এ ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিত্সাধীন দগ্ধরা হলেন— আবুল হোসেন ইমন (২৩), তার ছোটো ভাই মাদ্রাসা ছাত্র আপন (১০), তাদের চাচা মো. হিরন মিয়া (৩০), হিরনের স্ত্রী মুক্তা বেগম (২০), তাদের মেয়ে লিমা (৩) এবং ইমনের ফুপাতো ভাই স্কুল ছাত্র কাউছার আহমেদ (১৩)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধদের মধ্যে ইমনের শরীরের ৪৫ শতাংশ, হিরনের ২২ শতাংশ, কাউছারের ২৫ শতাংশ, মুক্তার ১৫ শতাংশ, লিমার ১৪ শতাংশ ও আপনের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
