তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের সিনেমা হলগুলো রক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেছেন, সিনেমা হলগুলো যদি টিকে থাকে তবে চলচ্চিত্র শিল্প এবং শিল্পীরা বেঁচে থাকবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী তার কার্যালয়ের সভা কক্ষে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীজনদের সঙ্গে এক বৈঠকে আরো বলেন, সরকারের লক্ষ্য দেশের চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগ ফিরিয়ে আনা এবং বৈশ্বিক সিনেমা বাজারে দখল নেওয়া।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি (বিএফপিডিএ), বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি (বিএফডিএ) এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি (বিএফইএ) এর কার্যনির্বাহী সদস্যরা অংশ নেন। সভায় তথ্য সচিব কামরুন নাহারও বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন বিএফপিডিএ সভাপতি খোরশেদ আলম খসরু, বিএফডিএ সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বিএফইএ সভাপতি কাজী শোয়েব রশিদ এবং বিএফইএর প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস প্রমুখ।
