বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের আমরণ অনশনের ঘোষণা

১৪ দিন ধরে অচল বশেমুরবিপ্রবি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগের অনুমোদনের দাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। ফলে অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার ১৪ তম দিনের মতো আন্দোলন ও বিক্ষোভ মিছিল চালিয়েছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এদিন তারা বিক্ষোভ মিছিল শেষে আমরণ অনশনে নামার ঘোষণা দেন। বিভাগটির শিক্ষার্থী কারিমুল হক বলেন, আমাদের বিভাগের অনুমোদন না নিয়ে আমরা ঘরে ফিরবো না। সেইসাথে বৃহস্পতিবার থেকে আমরা আমরণ অনশনে যাচ্ছি।

এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানের জন্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগমকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির অন্যান্য সদস্য হলেন- অধ্যাপক ড. মোঃ. আলমগীর হোসেন, অধ্যাপক ড. মোঃ. সাজ্জাদ হোসেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন (সদস্য সচিব), বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ. শাহজাহান, রেজিস্টার অধ্যাপক ড. মোঃ. নূরউদ্দিন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ সাত্তার। 

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ. নূরউদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানের উদ্দেশ্যে কমিটি গঠিত হয়েছে। সকল বিষয় পর্যবেক্ষণ করে কমিটি সুপারিশ প্রদান করবে।

ইত্তেফাক/এসআই