বগুড়ার শেরপুরে নিখোঁজ এক ঔষধ ব্যবসায়ীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিখোঁজ ঐ ঔষধ ব্যবসায়ীর নাম জীম আল ইসলাম নির্ঝর(২৬)। তিনি শেরপুর উপজেলার পৌর শহরের টাউন কলোনী এলাকার ডা. নাহিদ রানার ছেলে ও ডা. জাহিদুল ইসলাম শিপলুর ভাতিজা। বুধবার বেলা ১০ টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নির্ঝরের বাবা ডা. নাহিদ রানা বলেন, ‘আমার ছেলে গত ১৭ দিন হল নিখোঁজ, তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রশাসনের কাছে আমার আবেদন আপনারা আমার ছেলেকে খুঁজে দিন।’
তার চাচা ডা. জাহিদুল ইসলাম শিপলু সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম মাহবুবার রহমান হারেজ, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোকারিম হোসেন রনি, সমাজ সেবক রাজু সরকারসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।
আরো পড়ুন: পঞ্চাশ বছরেও নির্মাণ হয়নি একটি ব্রিজ
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি (রোববার) রাত ৮টার দিকে শেরপুর পৌরশহরের ধুনট রোড মোড় এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। নির্ঝর পেশায় ঔষধ ব্যবসায়ী। তিনি এক কন্যা সন্তানের জনক। এ বিষয়ে শেরপুর থানায় ৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, ‘আমরা সকলে তথ্য প্রযুক্তিসহ সর্বস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে খুঁজে বের করার জন্য।’
ইত্তেফাক/এএএম
