ভাষার নাটক ভুল গল্প

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভুল গল্প’। এই নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। নাটকের গল্প ও অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী

আনারুল ইসলাম এলাকায় বেশ জনপ্রিয়। যেখানেই যায় জমিয়ে রাখে চারপাশ। সবচেয়ে বড় ব্যাপার যেটা, কারো কোনো বিপদে-আপদে, প্রয়োজনে আনারুলকেই সবার আগে পাওয়া যায়। আনারুল কিন্তু বিশেষ শিক্ষিত নয়। কিন্তু ইউটিউবে ভিডিও পোস্ট করে শুধু এলাকায় নয়, সারাদেশে পরিচিত হয়েছে সে। তার বোকাবোকা, তুচ্ছ বিষয় নিয়ে করা ভিডিও ভাইরাল হয়ে যায়। সবকিছুতেই তার সঙ্গী থাকে সুলতানা নামের একটি মেয়ে। গল্পের সূত্রপাত হয়, যখন তার এলাকার এমপি হঠাত্ করে মারা যান। উপনির্বাচনের তোড়জোর শুরু হয়। এলাকার কিছু লোকের মনে হয় এলাকাবাসীর প্রতি আনারুলের যে দরদ তারা দেখেছে, সে কেন দাঁড়ায় না স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তারা আনারুলের কাছে গিয়ে নিজেদের মনের বাসনা তুলে ধরে। শুরুতে আনারুল রাজি হয় না। কিন্তু সবার অনুরোধে শেষ পর্যন্ত তাকে রাজি হতে হয়। এদিকে আনারুলকে জনপ্রতিনিধি প্রার্থী হিসেবে কিছুতেই মানতে পারে না একটা শ্রেণি। কারণ আনারুল শিক্ষিত নয়। শুদ্ধ বাংলায় কথাই বলতে পারে না। তারা নেমে পড়ে বিরোধিতায়।

একসময় টেলিভিশনের রিপোর্টাররা এসে তার সাক্ষাত্কার নিতে শুরু করে। প্রত্যেক প্রতিবেদকই তাদের প্রতিবেদনে একথা উল্লেখ করতে থাকে, যে লোক শুদ্ধ বাংলায় কথাই বলতে পারে না, সে জনপ্রতিনিধি হিসেবে কতটা উপযুক্ত তা প্রশ্নসাপেক্ষ। আনারুল বরকতউল্লাহর কাছে যায় শুদ্ধ বাংলার পাঠ নিতে। বৃদ্ধ অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বরকতউল্লাহ। ৫২-তে নিজের এলাকা থেকেই মিছিল বের করেছিলেন। বরকতউল্লাহ একটা সভা ডাকেন। উন্মুক্ত মঞ্চে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি গভীর আবেগ নিয়ে একটি বক্তৃতা দেন শুদ্ধ বাংলায়। সেই বক্তৃতায় তিনি বলেন, ‘এই ফেব্রুয়ারি মাসে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, যেটা নিয়ে আমাদের মনে এখনো বিভ্রান্তি রয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি আঞ্চলিক ভাষাই বাংলা ভাষা। কোনোটাই অশুদ্ধ ভাষা নয়। ঘটনাচক্রে নদীয়া-শান্তিপুর অঞ্চলের ভাষাকে আমরা প্রমিত বাংলা হিসেবে বেছে নিয়েছি। কিন্তু ভুলে গেলে চলবে না, এই ভাষারূপটিও নদীয়া-শান্তিপুরের আঞ্চলিক ভাষাই। তেমনই নোয়াখালীর ভাষা, সিলেটের ভাষা, রাজশাহীর ভাষা বা বিক্রমপুরের ভাষা—সব ভাষাই বাংলা ভাষা। সবগুলোই শুদ্ধ ভাষা। সেই ভাষায় কেউ কথা বললে তার অগৌরবের বিন্দুমাত্র কোনো কারণ নেই। বরং এই বৈচিত্র্যই বাংলা ভাষার সৌন্দর্য’। বরকতউল্লাহ আরেকটি বিষয় পরিষ্কার করে জানান যে, ভাষা আন্দোলন ছিল মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম। যে কারণে এখন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার মাতৃভাষা যদি নোয়াখালীর ভাষা হয়, তবে আমার পরোপুরি অধিকার আছে মাথা উঁচু করে সেই ভাষায় কথা বলার। এটাই একুশে ফেব্রুয়ারির সঠিক চেতনা। এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ভাষা দিবসের বিশেষ নাটক ‘ভুল গল্প’। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন এ. কে. আজাদ সেতু, নিকুল কুমার মন্ডল প্রমুখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এই নাটকের গল্পটি খুব সুন্দর। নাটকে সুন্দর কিছু মেসেজও আছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে’। ‘ভুল গল্প’ নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।