টিভি নাটক ও চলচ্চিত্রের বাইরে এবার বেতারের ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলবিষয়ক ধারাবাহিকের বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। বাংলাদেশ বেতারে গত ১৮ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হয়েছে এই অভিনেতার নাটক ‘নিহারবানু’। মুহাম্মদ শাহ আলমগীরের রচনায় নাটকটি প্রযোজনা করছেন আবু নওশের। গ্রামবাংলার সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা, প্রেম-পরিণয় নিয়ে ‘নিহারবানু’ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে। বাল্যবিয়ের পরিণতি হিসেবে নিহারবানুর মা সন্তান প্রসবের সময় মারা যায়। সেই থেকে নিহারবানুর বাবা মতি পাগলপ্রায়। মতি চায় তার একমাত্র মেয়ে অনেক শিক্ষিত বড় মানুষ হোক। নাটকটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, মনির খান শিমুল, রুবি আফরোজ, চন্দ্রিমা পাল প্রমুখ। বাংলাদেশ বেতারে প্রতি মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে শ্রোতারা ‘নিহারবানু’ নাটকটি শুনতে পাবেন।
