একুশের নাটকে বৃষ্টি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩২

মা হ মু দু ল  আ মি ন

 

মডেল ও অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি এবার অভিনয় করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি বিশেষ নাটকে। জামাল হোসেনের ‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’ গল্প অবলম্বনে ‘ভিন্ন জনস্রোত’ নাটকটিতে দর্শকরা তাকে দেখতে পাবেন। ইয়ামিন ইলানের পরিচালনায় এই নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, করভী মিজান, তানভীর প্রমুখ।

এতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ভিন্ন জনস্রোত নাটকটিতে অভিনয়ের পূর্বে আমি শ্রদ্ধেয় জামাল হোসেনের ‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’ গল্পটি মনোযোগ দিয়ে পড়েছি। আমার চরিত্রটি এই গল্প থেকে নিজের মধ্যে অনুধাবন করার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে ‘ভিন্ন জনস্রোত’-এর স্ক্রিপ্ট থেকে তা আরো ভালোভাবে অনুভব করার চেষ্টা করেছি। যে কারণে শুটিংয়ের সময় আমার চরিত্রটি নিজের মধ্যে লালন করতে তেমন কোনো সমস্যা হয়নি। সত্যি বলতে কি, এখন আমি মন দিয়ে অভিনয় করার চেষ্টা করি। বেছে বেছে ভালো ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রগুলোই করার চেষ্টা করি। ‘ভিন্ন জনস্রোত’ ঠিক তেমনি একটি নাটক। কাজটি করে আমি যেমন আনন্দিত, ঠিক তেমনি গর্বিতও বটে। কারণ এটি একুশের নাটক। আমাদের ভাষা সংগ্রামের নাটক। নাটকটি আমার অভিনয় জীবনের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করবে’। আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন হিসেবে ‘ভিন্ন জনস্রোত’ নাটকটি আরটিভিতে দেখা যাবে।