‘মিশন এক্সট্রিম’র পার্টনার হলো রিয়েল ক্যাপিটা গ্রুপ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩২

ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের সাফল্যের পর ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত হলো দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। আগামী ঈদুল ফিতরে সারাদেশে ছবিটি মুক্তি পাবে। সামাজিক সচেতনতানির্ভর এই চলচ্চিত্রে রিয়েল এস্টেট পার্টনার হিসেবে যুক্ত হলো আবাসন প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপ। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় রিয়েল ক্যাপিটা গ্রুপের গুলশানস্থ কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাঞ্জুর আহমেদ সোহান, মিশন এক্সট্রিমের পরিচালক ফয়সাল আহমেদ ও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা সানী সানোয়ার প্রমুখ। চুক্তি স্বাক্ষর শেষে কপ ক্রিয়েশনের কর্ণধার সানী সানোয়ার বলেন, ‘একটি ভালো চলচ্চিত্রের জন্য রিয়েল ক্যাপিটা গ্রুপকে আমাদের পার্টনার হিসেবে পাশে পাওয়ায় আমি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি’। তিনি আরও বলেন, ‘এই চলচ্চিত্রে কাহিনির মৌলিকত্বের পাশাপাশি থাকছে অ্যাকশন, ক্রাইম, সাসপেন্স ও রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ নানা দৃশ্য। চলচ্চিত্রটির গল্প বলার ধরন, অ্যাকশন দৃশ্য চিত্রায়ন এবং বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার দর্শকদের মুগ্ধ করবে বলে আমাদের বিশ্বাস’।