ব নাটুয়া’র ৩ বছরপূর্তি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩

মা হ বু ব  আ ল ম

 

২০১৬ সালের নভেম্বরে গাইবান্ধার সাঁওতালপল্লিতে দুর্বৃত্তদের আগুনের লেলিহান শিখা যখন আকাশমুখী তখন সেই ঘটনার প্রতিবাদ জানাতে ব নাটুয়া ‘গুডু’ নামের একটি পথনাটক করে। এ ছিল তাদের প্রতিবাদ এবং পথচলারও শুরু। একটা দ্রোহের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সংগঠনটির। ব নাটুয়া’র ১ম প্রযোজনা পথনাটক ‘গুডু’ লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন সুদীপায়ন ভট্টাচার্য্য। মশালের আলোয় নাটকটির প্রথম মঞ্চায়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টে, তারপর ক্যাফেটেরিয়ার ঢালে। ঐ বছরই ডিসেম্বরে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বিজয় উত্সব ২০১৬’-এ নাটকটির প্রদর্শনীর সুযোগ হয়। একই বছর ১৩ ডিসেম্বর ব নাটুয়া তাদের ২য় প্রযোজনা মঞ্চনাটক ‘মাইক মাস্টার’ মঞ্চে আনে। বরেণ্য নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের এই নাটকটি নির্দেশনা দেন আব্দুল মমিন। নাটকটির এখন পর্যন্ত ২১টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। ২২তম মঞ্চায়ন চলমান। সেই অর্থে মাইক মাস্টার নাটকটিও মঞ্চায়নের ৩ বছর অতিক্রম করল। ব নাটুয়া’র ৩য় প্রযোজনা ‘নিশিকাব্য’। মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ’র ছায়া অবলম্বনে নাটক: নিশিকাব্য । রচনা: মঈন উদ্দিন পাঠান। নির্দেশনা: আব্দুল মমিন। নাটকটি দীর্ঘ বিরতি দিয়ে ২০২০ সালে মঞ্চে নিয়মিত করার লক্ষ্যে মহড়া চলছে। জহির রায়হানের ছোট গল্প ‘একুশের গল্প’ অবলম্বনে ব নাটুয়া’র ৪র্থ প্রযোজনা ‘একুশের গল্প’। সম্পাদনা ও নির্দেশনায় আব্দুল মমিন। জাতীয় পথনাটক পরিষদের আয়োজনে পথনাট্যোত্সব ২০১৯-এ মঞ্চায়নের সুযোগ পায় নাটকটি। নাটকটির এখন পর্যন্ত ৭টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। ৭ ফেব্রুয়ারি, ২০২০ সালে বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘মাইক মাস্টার’ নাটকের ২২তম মঞ্চায়নের মাধ্যমে ৩ বছরপূর্তি উদযাপন করে নাট্য সংগঠন ব নাটুয়া। ব নাটুয়ার জন্ম হয়েছে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কালচারাল ক্লাবের সদস্যদের নিয়ে। যার ধারাবাহিকতা ছাত্রছাত্রীরা আজও রেখে চলেছে। তারা কলেজের পড়ালেখা শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রেখেও থিয়েটার করে যাচ্ছে। এটা সত্যিই আনন্দের বিষয় যে, ব নাটুয়া ছোট্ট একটা জায়গা থেকে ত্রমশ পূর্ণাঙ্গ থিয়েটারের দিকে এগিয়ে যাচ্ছে।