ছোট্ট পিউয়ের পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। তবে তার একটাই দুঃখ। আর সেটি হলো, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। সমস্যা হলো, এই টিয়াও কথা বলতে পারে না। দোকানি বলেছে, টিয়াকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে তাই শুরু হয় পাখিকে কথা শেখাতে পিউয়ের প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু বিপদ হলো—যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই ‘টিট টিট’ করে। মানুষের মতো করে কোনো কথা বলতে পারে না। তারপরও পিউ চেষ্টা চালিয়ে যায়। পিউ ও টিয়া পাখির এমন গল্প নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নূর সিদ্দিকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। আগামীকাল শুক্রবার রাত ৮টায় এই শিশুতোষ নাটকটি দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে।
