৩ দিনব্যাপী জাতীয় নাট্যোত্সব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে ৩ দিনব্যাপী জাতীয় নাট্যোত্সব শেষ হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। জঙ্গি, অবক্ষয়, দুর্নীতি, মানবে এ সংস্কৃতি—শ্লোগানে এই নাট্যোত্সবের আয়োজন করা হয় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে।

উদ্বোধনী দিনে গত ১৫ ফেব্রুয়ারি মঞ্চস্থ করা হয় নাটক ১৯৭১। নাটকটির রচনায় ছিলেন হুমায়ুন আহমেদ ও নির্দেশনায় ছিলেন আব্দুল বারী। নাটকটি পরিবেশন করে নীলফামারী থিয়েটার।

গত ১৬ ফেব্রুয়ারি  সৈয়দপুর শিল্প-সাহিত্য সংসদ পরিবেশন করে ‘তবে শেষ পরিণতি’।  নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন যথাক্রমে এস এম বারী মুকুল ও মীর সরওয়ার আলী মুকুল। নাটকটিতে মুক্তিযুদ্ধ ও রাজাকারের শেষ পরিণতি ফুটিয়ে তোলা হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোমিনুল, বোবায়তুর রহমান, আলমগীর সরকার, এম ওমর ফারুক, সাব্বির হোসেন, মনোজ ও আসমা। নাটকটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির নাট্য সম্পাদক আখতারুল ইসলাম মৃধা।

গত ১৭ ফেব্রুয়ারি মঞ্চস্থ করা হয় জলসিঁড়ি নাট্য সংস্থা, নীলফামারীর ‘কেয়া কুঞ্জ’ নাটকটি। নাটকটির রচয়িতা ছিলেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় ও নির্দেশনায় ছিলেন ওবাইদুর রহমান।

এই নাট্যোত্সবটির আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পৃষ্ঠপোষকতায় ছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সমাপনী দিবসে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহসান রহিম মঞ্জিল প্রমুখ।