সফট টাচের নতুন পথচলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

চট্টগ্রামের ব্যান্ড ‘সফট টাচ’। প্রায় দুইযুগ আগে গানপাগল তরুণ সাচ্চু, আলীমুর, বাবন, আনিফ লোদী, টিংকু আজিজুর রহমান, নাজিম আকতার, জামশেদ আলী অপু, শামীম ইব্রাহীম আর আসাদ আলী মিলে ব্যান্ডটি গড়ে তোলেন। এই সদস্যদের নিয়েই ব্যান্ডটি ২০০২ সাল অবধি পথ চলেছে। হঠাত্ ছন্দপতন হয় সে বছরই। লিড গিটারিস্ট ও ভোকাল সুতনু বাবনের অকাল ও অপ্রত্যাশিত মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। থেমে যায় সফট টাচের পথচলা।

২০১৮ থেকে আবার ব্যান্ডটি নিয়ে ভাবতে শুরু করেন সমর বড়ুয়া আর সুমন। তাদের সঙ্গে এসে যোগ দেন নাজিম, সোহেল আর অমি। গোছাতে শুরু করে দেন তারা সফট টাচ।

চট্টগ্রাম উদয়ন সংঘের শারদীয় উত্সবের ১৮ বছর পর সফট টাচ পারফর্ম করে। এরইমধ্যে টাঙ্গাইল মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের ২৫ বছরপূর্তিতে আমন্ত্রিত হয় তারা। এই কনসার্টে তারা পারফর্ম করে ব্যাপক প্রশংসিত হয়। তাদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আরো জোড়ালো হয়। এরইমধ্যে সাচ্চুও প্রয়াত হন। এদিকে ভোকাল নাজিম ব্যক্তিগত কর্মব্যস্ততায় ব্যান্ড থেকে সরে দাঁড়ায়। তখন সমর বড়ুয়া আর সুমন আলোচনা করে রাঙামাটির মেয়ে তিশা দেওয়ানকে ভোকাল হিসেবে দলে নেন। বর্তমানে ব্যান্ডের লাইনআপ সুমন কল্যান (ভোকাল/ লিড গিটারিস্ট), তিশা দেওয়ান (ভোকাল), অনি (লিড গিটারিস্ট), সোহেল (ড্রামার), সমর বড়ুয়া (বেস গিটারিস্ট ও ব্যান্ড লিডার)। সুমন কল্যাণ এই সময়ের একজন আলোচিত সুরকারও মিউজিক কম্পোজার। তিশা দেওয়ান গায়িকা ও ইউটিউব সেলিব্রেটি।

ব্যান্ডের দু’জন সদস্য ঢাকা আর একজন রাঙামাটিতে থাকায় কিছুটা সমস্যা হলেও হাল ছাড়েননি তারা। গানপাগল এই মানুষগুলো গানের জন্য সবরকম কষ্ট করতেই রাজি।

গতবছর নাগরিক টিভির ইগলু আইস ক্যাফেতে নিজেদের গান ছাড়াও ফোক-ফিউশন মিলিয়ে ৯টি গান পরিবেশন করে তারা। বিটিভির ব্যান্ড শো রক এন রোলেও তারা পারফর্ম করেছে।

শুরুতে সফট টাচ হার্ড রক ঘরানার গান করলেও এখন তারা মেলোডি, কান্ট্রিরক, ফোক-ফিউশন নিয়ে কাজ করছে।