গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ফ্লাইওভার জরুরি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর ও ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও থানায় প্রায় অর্ধশত ছোটো বড়ো লঞ্চ চলাচল করে। বেশিরভাগ লঞ্চ বিকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে তাদের নির্ধারিত সময়ে ছেড়ে যায়। এবং এই লঞ্চগুলো ভোর ৪টা থেকে সদরঘাটে ভিড়তে শুরু করে। হাজার হাজার যাত্রীর পদচারণা এবং তাদের বহনের জন্য বাস, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস ও রিকশা এলোমেলোভাবে রাস্তা আটকে রাখার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন যাত্রীদের লাগেজ নিয়ে গুলিস্তান  থেকে সদরঘাট হেঁটে যাওয়া ছাড়া উপায় থাকে না। যানজটে পড়ে বেশির ভাগ সময় অনেক যাত্রী সদরঘাট পৌঁছানোর আগেই তাদের কেবিন বুক করা নির্ধারিত লঞ্চ ঘাট ছেড়ে চলে যায়। লঞ্চ ধরতে না পেয়ে পরিবার-পরিজন নিয়ে পড়তে হয় চরম বিপাকে। অন্য লঞ্চে কেবিন না পেলে একান্ত জরুরি হলে লঞ্চের ডেকে আসন করতে হয়। আর তা না হলে বেশি দামে ভিআইপি কেবিন বা লঞ্চের স্টাফদের কেবিনে আসতে হয়। আবার নির্ধারিত সময়ের পর ঘাট ত্যাগ না করলে জরিমানা লাগে। এ অবস্থায়, ঢাকার বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা যাতে নির্ধারিত সময়ে সদরঘাট পৌঁছুতে পারেন, সেজন্য গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।  

মো. সোয়েব মেজবাহউদ্দিন

মোহাম্মদপুর, ঢাকা