পাহাড় কেটে মাটি বিক্রি
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে পাহাড় কেটে মাটি বিক্রির সময় অভিযান চালিয়ে মাটিভর্তি ছয়টি ডাম্পার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভোররাতে বিশেষ টাস্কফোর্স অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সংবাদ পেয়ে উপজেলার হ্নীলায় অভিযান চালিয়ে হ্নীলা বিটের আওতাধীন আশ্রয়ণ কেন্দ্র এলাকা থেকে ছয়টি ডাম্পার জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর এবং বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইফ জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
