ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
বসন্তের আগমন ঘটলেও কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বিদায় নিচ্ছে না শীত। ফাল্গুনের ষষ্ঠ দিনেও হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীর জনজীবন। এতে শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। এ অবস্থায় উপজেলার চরাঞ্চলসহ সাধারণ মানুষ খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে অনেকেই। এদিকে গতকাল বুধবার ভোর ৬টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জানা যায়, গত তিন-চার দিন ধরে হঠাত্ ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে কাজে যেতে পারছে না এ অঞ্চলের শ্রমজীবী মানুষ। বুধবার ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কিছুটা কেটে গেলেও দুপুর পর্যন্ত হালকা কুয়াশা থেকে যায়।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ভোর ৬টায় ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
