জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় দুই জনের যাবজ্জীবন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ২০০৫ সালের আলোচিত জেএমবির সিরিজ বোমা হামলা মামলার সাড়ে ১৪ বছর পর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠির বিকনা গ্রামের জিয়াউর রহমান এবং বৈদারাপুর গ্রামের ফরিদ হোসেন।

ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল সাড়ে ১১টায় পাঁচটি বোমার বিস্ফোরণ হয় ঝালকাঠি শহর। এ ঘটনায় ঝালকাঠি থানার তত্কালীন ওসি মো. সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২২ অক্টোবর গোয়েন্দা পুলিশের অভিযোগপত্রে জিয়াউর ও ফরিদকে আসামি করা হয়। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. নাসির উদ্দিন কবীর।