বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছীতে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা ১৩৪টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৪টিতে শহিদ মিনার রয়েছে। নেই ৯৯টি প্রতিষ্ঠানে। অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানায়, ৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১২টিতে শহিদ মিনার থাকলেও এখনো নির্মাণ হয়নি ২৪টিতে। মাদরাসাগুলোর অবস্থা আরো করুণ। মধ্যে ২০টি মাদ্রাসার মধ্যে শহিদ মিনার রয়েছে মাত্র একটিতে। এছাড়া নয়টি কলেজের পাঁচটিতেই নেই শহিদ মিনার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতোয়ার রহমান বলেন, ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন দিবসের সময় অস্থায়ীভাবে শহিদ মিনার তৈরি করে দিবস পালন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই সেগুলোতে সরকারিভাবে শহিদ মিনার তৈরি করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধা হবে। এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মো. মুহা. আবু তাহির বলেন, সরকারি বরাদ্দ না থাকায় শহিদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করব।
