বরিশাল অফিস
বরিশাল কাউনিয়া ও কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিকাশ প্রতারক ও মোটরসাইকেল চোর চক্রের ১২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন। বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, মঙ্গলবার কাউনিয়া থানাধীন প্রধান সড়ক এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের হরবিলাস বালা (৩০), তার স্ত্রী বিনা বালা (২৫), সঞ্জয় মণ্ডল (২১) ও প্রাণ কৃষ্ণ মণ্ডলকে (২০) আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল জানান, বহুমুখী সিটি মার্কেট এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরির মামলায় ছয় জনকে আটক করা হয়েছে। অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বলেন, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের চার দালালকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত চার জনের মধ্যে তিন জনকে এক মাসের এবং এক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
