বরগুনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের হামিদা হত্যা মামলায় স্বামী বাচ্চুকে (৫৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বুধবার সকাল ১১টায় বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি বাচ্চু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৭ আগস্ট রাতে হামিদাকে হত্যার পর বাড়ির পাশে খালে পাড়ে লাশ মাটি চাপা দেয় বাচ্চু। ১৫ সেপ্টেম্বর গ্রামবাসী বাচ্চুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত পিপি আকতারুজ্জামান বাহাদুর ও আসামি পক্ষে অ্যাডভোকেট কমল কান্তি দাস।