রাঙ্গামাটিতে একুশে বইমেলা শুরু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

রাঙ্গামাটি প্রতিনিধি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে শুরু হয়েছে বইমেলা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন করেন, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্যসচিব মো. জাকির হোসেন আকন্দ। উদ্বোধনের পর মেলাতে অংশ নেওয়া ১৬টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই। এ সময় বই কিনতে ইচ্ছুক বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও বই মেলাতে ভিড় হতে দেখা যায়।

আগত দর্শনার্থীরা নতুন বইয়ের খোঁজ নিয়েছেন। আর এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন আর চোখ বুলাচ্ছেন বইয়ের পাতায়। কিনছে নিজেদের পছন্দনীয় বিভিন্ন বই। মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ভাষা আন্দোলনের বইসহ শিশু-কিশোরদের সায়েন্স ফিকশন, গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরনের বই স্থান পেয়েছে। বইমেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।