সাইনবোর্ডে বাংলা না থাকায় দুই দোকানকে জরিমানা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪

চট্টগ্রাম অফিস

প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা না থাকায় চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নগরীর দামপাড়াস্থ ওয়াসা মোড়ে ব্যবসাপ্রতিষ্ঠানে সাইন বোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা সাইন বোর্ড না থাকায় জওক রেস্টুরেন্টকে ৫ হাজার ও ডিসেন্ট প্লাস টেইলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর ইংরেজি সাইন বোর্ড কালি দিয়ে মুছে দেওয়া হয় এবং আগামী দুই দিনের মধ্যে বাংলাসহ সাইন বোর্ড লাগানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।