মেলবোর্নকে ছাড়াতে যাচ্ছে মোতেরা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে মোতেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মতে এই স্টেডিয়ামটি দর্শকাসনের নিরিখে অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামকে (এমসিজি) ছাড়াতে চলেছে। এমসিজিতে ৯০ হাজার দর্শকের বসার ব্যবস্থা আছে। সেখানে বলা হচ্ছে গুজরাটের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ১০ হাজার। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড গত মঙ্গলবার এই স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পোস্টে লেখা হয়, ‘বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম’। ভারতীয় গণমাধ্যমের কোনো কোনোটির তথ্যমতে এই স্টেডিয়ামের উদ্বোধনে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি তার আসন্ন সফরে গুজরাটে আসবেন বলে কথা রয়েছে। চলতি বছরের শেষদিকে এখানে এশিয়া ও বিশ্ব একাদশের একটি খেলাও হওয়ার কথা।