টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজই শেষবারের মতো বাংলাদেশের মেয়েরা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে আসরের শেষ প্রস্তুতিমূলক ম্যাচ।
বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটিও পরিত্যক্ত হয়। আগামীকাল ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
পার্থে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
