ইত্তেফাক রিপোর্ট
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থ সবল যুবসমাজের বিকল্প নেই। গতকাল বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছাত্রছাত্রীসহ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ সময় তিনি দেশের খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজির আহমেদ বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম ইসমাইল হোসেন শুভেচ্ছা বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়টি ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মো. মেহেদী হাসান স্বাগত বক্তব্য দেন।
দেশের ৯৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টনসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
