কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আটক ঘুষের কোটি টাকা জব্দ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৯

কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এক সার্ভেয়ারকে ঘুষের টাকাসহ আটক করেছে র্যাব-১৫। কক্সবাজার শহরের বাহারছরা বাজার ও তারাবনিয়ারছরা এলাকার দুইটি বাসায় অভিযান চালিয়ে একজনকে আটক করা গেলেও অপর দুই সার্ভেয়ার পালিয়েছে। এই দুই বাসা থেকে জব্দ করা হয়েছে প্রায় ১ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকের একাধিক চেক ও সরকারি নথিপত্র জব্দ করেছেন র্যাব সদস্যরা। আটক সার্ভেয়ারের নাম মোহাম্মদ ওয়াসিম। পালিয়ে যাওয়া অপর দুই সার্ভেয়ারের নাম মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ ফেরদৌস।

র্যাব-১৫ রামুর কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, তারাবনিয়ারছরা থেকে নগদ ১৬ লাখ টাকাসহ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ ওয়াসিমকে আটক করা হয়। এছাড়া বাহারছরা বাজার এলাকায় সার্ভেয়ার মোহাম্মদ ফরিদের বাসা থেকে নগদ ৬০ লাখ টাকার বেশি এবং মোহাম্মদ ফেরদৌসের বাসা থেকে ১৭ লাখ টাকার বেশি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। মেজর মেহেদী বলেন, কক্সবাজারে সরকারের অর্ধ শতাধিক মেগা-প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের জন্য সরকারের ভূমি অধিগ্রহণ কার্যক্রমও চলমান। এ ভূমি অধিগ্রহণকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্র জমির মালিকদের নানাভাবে জিম্মি করে বড়ো অঙ্কের টাকা কমিশন হিসাবে আদায় করে আসছে—এমন অভিযোগ দীর্ঘদিনের। এর সূত্র ধরে ভুক্তভোগী বেশ কয়েকজন জমিরমালিক র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত কক্সবাজার শহরের দুই এলাকায় অভিযান চালিয়ে ঘুষের ৯৩ লক্ষাধিক টাকাসহ একজনকে আটক করতে পারলেও অন্য দুই জন পালিয়ে যায়। এ সময় বিভিন্ন ব্যাংকের অনুকূলে বেশ কয়েকটি চেক ও নথিপত্রও উদ্ধার করা হয়।