নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলব ------রেজাউল করিম চৌধুরী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০

চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়ী হলে বন্দরনগরীকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। গতকাল বুধবার নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ, মহিউদ্দীন চৌধুরীর পথ অনুসরণ করব। মানুষের পাশে থাকব। চট্টগ্রামে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা আরো এগিয়ে নিতে কাজ করব। চসিকে মেয়র পদে মনোনয়ন পেয়ে চট্টগ্রামে আগমন উপলক্ষ্যে এ সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। দলটির মহানগর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলটির দক্ষিণ জেলা সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা সভাপতি এম এ সালাম।