প্রধানমন্ত্রীর অর্থায়নে চরভদ্রাসনে সাবমেরিন ক্যাবলে বিদ্যুত্ -------নিক্সন চৌধুরী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে কোটি কোটি টাকা ব্যয়ে চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলে বিদ্যুত্ দেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। বুধবার বিকালে নদীভাঙন রোধে কাজ পরিদর্শন শেষে এমপিডাঙ্গী গ্রামের ম্যাজিস্ট্রেট বাড়ি বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিক্সন চৌধুরী বলেন, ‘চর শালেপুর, চরঝাউকান্দা ও পার্শ্ববর্তী সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া চর বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে।’

নিক্সন চৌধুরী বলেন, ‘চরভদ্রাসনের মানুষের প্রাণের দাবি ছিল নদীশাসনের স্থায়ী বাঁধ নির্মাণ, যার জন্য গতবছরে আমি পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় ৩০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। সেই বাঁধ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সভার আগে একই দিন তিনি উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরঅযোদ্ধা উচ্চবিদ্যালয় ও চরহাজীগঞ্জ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন শেষে চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গী নদীভাঙন রোধের কাজ পরিদর্শন করেন নিক্সন চৌধুরী।