যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র রওশনারা রহমান (দুলন) গতকাল বুধবার মানিকগঞ্জের সিংগাইরে নিজ গ্রাম ইরতায় আসেন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার থেকে নেমেই প্রথমে যান স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ ও এলাকার সর্বস্তরের মানুষ। এই স্কুলেই তিনি ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। স্কুলের মেধাবী ছাত্রী দুলনের আগমন উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা শেষে তিনি পায়ে হেঁটে যান ইরতা গ্রামে নিজ বাড়িতে। এ সময় শত শত উত্সুক মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন।
দুলনের ভাতিজা মোতালেব হোসেন খান বলেন, বৃহস্পতিবার সচেতন তরুণ সংঘ এবং শুক্রবার সুচিন্তিত নাগরিক ফোরাম ও গ্রামবাসী তার ফুপুকে সংবর্ধনা দেবে।
দুলনের আত্মীয়স্বজনদের কাছ থেকে জানা গেছে, দুলন দেশের ঐতিহ্য তুলে ধরতে প্রায় এক যুগ আগে একটি রিকশা নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডে। সে সময় বিষয়টি বেশ সাড়া ফেলেছিল। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও এটি প্রচারিত হয়। দুলনের বাবা প্রকৌশলী মরহুম রজ্জব আলী খান। তিনি ছিলেন বুয়েটের প্রথম ব্যাচের শিক্ষার্থী। এলাকায় দানবীর হিসেবে তার খ্যাতি ছিল। তিনি নিজের জমিতে এলাকাবাসীর জন্য মসজিদ, ঈদগাহ, রাস্তা নির্মাণ করেন। বাবার মতোই রওশনারাও এলাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজ গ্রামে ‘রামস-বাংলা মহিলা উন্নয়ন সংস্থা’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রবাসে থেকেও প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি প্রতিবছর বন্যার সময় ত্রাণ, শীতে দরিদ্রদের মাঝে কম্বল ও ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে গ্রামের মানুষকে চিকিত্সা সেবা দেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে দুলন সবার বড়ো। ইরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে বৃত্তি পেয়েছিলেন দুলন। এরপর তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মাত্র ১৩ বছর বয়সে তিনি মা বাবার সঙ্গে ১৯৬৭ সালে যুক্তরাজ্যে চলে যান। সেখানে তিনি ব্যারিস্টারি পাশ করেন। রাজনীতির পাশাপাশি রামসগেট শহরে দুলন রেস্টুরেন্টের ব্যবসা করেন। স্বামী রেজাউর রহমানও এই ব্যবসার সঙ্গে জড়িত। তার বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। দুলন ব্যারিস্টারি পাশ করার পর রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং লেবার পার্টির সদস্য হন। লেবার পার্টি থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। গত ১৪ মে বিপুল ভোটে রামসগেট শহরের মেয়র নির্বাচিত হন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দুলন বলেন, আমি এই স্কুলে পড়েছি। আমরা বাঙালি, আমরা অনেক কিছু করতে পারি। বাংলাদেশ এখন অনেক ওপরে গেছে। আমি বাঙালি হয়ে রামসগেট শহরের মেয়র হয়েছি। বাংলার মাটিতে পা রেখে আমি গর্বিত। আজকের সংবর্ধনা পেয়ে মনে হয় নতুন করে জন্ম নিয়েছি।
তালেবপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার আহমেদ, তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, তালেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাঈদ মোল্লা প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
