ব্রিটেনে রাজপরিবার ও রাজপ্রাসাদ থেকে দূরে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। গত মাসে তাদের রাজপরিবার ছাড়ার ঘোষণায় সম্মতি দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এর পর থেকে তারা কানাডায় বসবাস করছেন। তারা রাজকীয় উপাধি ত্যাগ ও রাজপরিবার থেকে কোনো অর্থ না নেওয়ারও ঘোষণা দেন। এরই মধ্যে আলোচনায় এসেছে, তারা ‘রয়্যাল’ শব্দটি ব্যবহার করতে পারবেন কি না। খবর সিএনএনের
রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, প্রিন্স হ্যারি ও মেগানের ‘রয়্যাল’ শব্দের ব্যবহার নিয়ে এখনো আলোচনা চলছে। কিন্তু যতদূর জানা যাচ্ছে, শব্দটি তাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহূত হবে না। গত মাসে তারা রাজপরিবার ছাড়ার পর ইউকে ট্রেডমার্ক ‘সাসেক্স রয়্যাল’ ব্যবহারের জন্য একটি আবেদনও করেছিলেন। এই শব্দ দুটির আওতায় অনেক কিছু পড়ে। বিভিন্ন কাগজপত্র, পোশাক, প্রচারণা, স্বেচ্ছাসেবী সংস্থার জন্য তহবিল সংগ্রহ, শিক্ষা এবং সামাজিক কাজকর্মে শব্দ দুটি ব্যবহূত হয়।
চলতি মাসে লন্ডনের একটি সংবাদপত্র এক প্রতিবেদনে জানায়, রানির একজন সহযোগী সতর্ক করেছেন, ডিউক এবং ডাচেস অব সাসেক্স এই টার্মটি ব্যবহারের বিরুদ্ধে। গার্টার অব কিং অব আর্মস থমাস উডকক বলেন, ‘আমি মনে করি না যে এটা সন্তোষজনক। এক ব্যক্তি একবারে দুই জিনিস ব্যবহার করতে পারেন না। আপনি হয় রয়্যাল, অথবা নন। যে কোনো একটিকে বেছে নিতে হবে।’ তবে এজন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন উডকক। হ্যারি ও মেগান যখন গত মাসে রাজপ্রাসাদ ছাড়েন তখনই বলা হয়েছিল, কিছু বিষয় ঠিক করতে সময় লাগবে। হ্যারি ও মেগান ‘হিজ এবং হার রয়্যাল হাইনেস’ ব্যবহার করবেন না বলেও মেনে নিয়েছিলেন। সূত্র জানায়, পরিকল্পিত ও সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
