আড়াইহাজার উপজেলায় এক হত্যা মামলার আসামিকে পুলিশ গ্রেফতার করায় গত মঙ্গলবার দুপুরে বাদীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ। এ সময় বাদীর ছোটো ভাই কলেজছাত্রকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে তারা। এ ঘটনায় বুধবার হামলাকারীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে আট বছর আগে খুন হন রব মিয়া। এ ঘটনায় মামলা করেন নিহতের ছেলে মাঈন উদ্দিন। শনিবার ঐ মামলার এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও তার সহযোগী ইয়ানুছ আলী, রাসেল, জুয়েল, জাকির, আলী হোসেন, হালিম ও আলামিনসহ ১৫-১৬ জনের একটি দল বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মামলার বাদী মাঈন উদ্দিনের ঘরে ঢুকে মাঈন উদ্দিন, তার স্ত্রী, ছোটো ভাই মোহাম্মদ রনি ও মা জাহানারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এলোপাতাড়ি কোপানোর সময় বাদীর ছোটো ভাই কলেজছাত্র রনি মাথায় গুরুতর আঘাত পান ও তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে নিহত রব মিয়ার পরিবার। তবে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
