বিভিন্ন দেশে নিপীড়ন ও সহিংসতায় উদ্বেগ মার্কিন সিনেটরের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৩

প্রভাবশালী মার্কিন সিনেটর চাক গ্রাসলি ধর্মীয় কারণে বিশ্বের বিভিন্ন দেশে জনগণের ওপর নিপীড়ন ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের আরো কাজ করা উচিত। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেছেন, কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকা রাশিয়া, বাংলাদেশ ও সুদানের মতো দেশের নাগরিকরা ধর্মীয় বিশ্বাসের কারণে নিপীড়নের শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্র যেন তাদের সহায়তা দেয়। ফক্স নিউজ ও রেডিও আইওয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি বলেন, যুক্তরাষ্ট্র ও বিদেশে ধর্মীয় স্বাধীনতা এখন আক্রান্ত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে নিরীহ মানুষের জীবন বিপদগ্রস্ত। এই অসহিষ্ণুতা, সংঘাত বন্ধের কাজ যুক্তরাষ্ট্র থেকে শুরু করতে হবে। এখানে যেমন কিছু মুসলিম বিদ্বেষী আছে তেমনি কিছু খ্রিষ্টান বিদ্বেষী মানুষও আছে। এটা জয় করতে হবে।

তিনি বলেন, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তানের মতো দেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের উচিত প্রস্তাবিত এবং ভবিষ্যত্ বাণিজ্য চুক্তিগুলোকে চাপ হিসেবে প্রয়োগ করা। কর্মক্ষেত্র ও পরিবেশ উন্নয়নের মতো একইভাবে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি নিয়েও আলোচনা করা। তিনি বলেন, আমরা মৌলিক মানবাধিকারকে সম্মান জানাতে চীনা নেতাদের প্রভাবিত করার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছি। ধর্মীয় স্বাধীনতার জন্য লড়াই করা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি কেন্দ্রীয় অংশ হওয়া উচিত।