‘আবার কেন জিততে পারব না?’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৫

মুতুমবোজির গুগলিটা পড়তে পারেননি আকবর আলী। মিডল স্ট্যাম্প ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই লালচাঁদ রাজপুতের প্রশ্ন, কে আউট হলো? বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী আউট হয়েছেন জানাতেই জিম্বাবুয়ের হেড কোচের পাল্টা প্রশ্ন, ও কিভাবে বোল্ড হলো? সেটাও জানানো হলো তাকে। তারপরই ভারতীয় এই কোচের সঙ্গে আলাপচারিতার পরের পর্ব শুরু হয়।

বুধবার বিকেএসপিতে জিম্বাবুয়ের ড্রেসিংরুমের সামনে বসেই রাজপুতের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। বেশ দৃঢ়তার সঙ্গেই জানিয়েছেন, বাংলাদেশে জিততেই এসেছে জিম্বাবুয়ে। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের করুণ হাল রাজপুতের অজানা নয়। এই সুযোগটা কাজে লাগাতে চান, হারের বৃত্তে পড়ে থাকা মুমিনুল-তামিমদের ওপর চাপ বাড়াতে চান তিনি। ২০১৮ সালের নভেম্বরে সিলেটে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। আসন্ন একমাত্র টেস্টেও স্বাগতিকদের হারের লজ্জা উপহার দিতে বদ্ধ পরিকর জিম্বাবুয়ে।

দুই বছর আগে সিলেটে সাকিব আল হাসানহীন মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ পাত্তাই পায়নি জিম্বাবুয়ের কাছে। পরে মিরপুরে মুশফিকের ডাবল সেঞ্চুরিতে সিরিজ ড্র করেছিল স্বাগতিকরা। রাজপুতের বিশ্বাস সিলেটে পারলে মিরপুরেও পারবে জিম্বাবুয়ে। গতকাল তিনি বলছিলেন, ‘এটা আমাদের জন্য ইতিবাচক যে আমরা আগে জিতেছিলাম। আবার কেন জিততে পারব না? এই ইতিবাচকতা অবশ্যই আমাদের মানসিকতায় থাকবে। আমি আগেই বলেছি, আমাদের ইতিবাচক থাকতে হবে, নেতিবাচক হওয়া যাবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং জিততে হবে।’

ঘরের মাঠে সর্বশেষ টেস্টে আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ। শেষ ছয় টেস্টের পাঁচটিই আবার ইনিংস ব্যবধানে হার। চাপের সমুদ্রে হাবুডুবু খাওয়া মুমিনুলদের বিপাকে ফেলার ছকই কষছেন জিম্বাবুয়ের কোচ। গতকাল রাজপুত বলেন, ‘অবশ্যই যখন কোনো দল নিয়মিত হারতে থাকে, তারা চাপে থাকবে। হোমে খেলা হওয়ায় তারা আরো বেশি চাপে থাকবে। এই চাপ নিয়ে কোনো দলই হোমে খেলতে চায় না। অবশ্যই আমরা তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করব, কারণ আমরা সম্প্রতি ভালো করেছি। আন্তর্জাতিক ক্রিকেটে যে দল ভালোভাবে চাপ সামলাবে তারাই সবসময় জিতবে এবং আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

চ্যালেঞ্জ যাই হোক, ম্যাচ জিততে মরিয়া সফরকারীরা। জিম্বাবুয়ের কোচ বলেছেন, ‘আমাদের লক্ষ্য খুব সহজ, আমরা জিততে এসেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলব এবং আশা করি জিতব।’

বাংলাদেশের ঘূর্ণি জাদু সামাল দিতে মানসিকভাবে প্রস্তুত জিম্বাবুয়ে। গতকাল রাজপুত বলেছেন, ‘বাংলাদেশ সবসময় আমাদের স্পিনবান্ধব উইকেট দেয়। আমরা সবকিছুর জন্য তৈরি। সেটা মিডিয়াম পেস বা স্পিন হোক। আমাদের দুটোরই প্রস্তুতি আছে। তাই আমাদেরকে আগে দেখতে হবে কি ধরনের উইকেট দেয় তারা, তারপর সে অনুযায়ী প্ল্যান করতে হবে।’

ইত্তেফাক/বিএএফ