মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জ উপজেলার গোলখালী নামক স্থানে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক পিতা মোঃ আলম মৃধা (৪৮) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী পুত্র বেল্লাল হোসেন (২৩)।
গতকাল সোমবার সকাল ৮টার দিকে মীর্জাগঞ্জ-বরগুনা সড়কের গোলখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মীর্জাগঞ্জ থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, বরগুনা থেকে পিতা-পুত্র দুইজন একই মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী পিতা-পুত্র দুইজনই আহত হয়। স্থানীয়রা তাদেরকে মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক পিতা মোঃ আলম মৃধাকে মৃত ঘোষণা করেন ও আহত পুত্র মোঃ বেল্লাল হোসেনকে চিকিত্সা প্রদান করা হয়। তাদের বাড়ি বরগুনা সদর থানার পুলিশ লাইন সংলগ্ন মাইঠা গ্রামে।
