উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন ব্যস্ত সময় পার করছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ করে রোহিঙ্গাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। শনিবার থেকে উখিয়ার ২৩টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২৬৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উখিয়া-টেকনাফ নির্বাচনী এলাকাসমূহে রোহিঙ্গারা যাতে অবাধে ঘুরাফেরার মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩ দিন রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়া-আসার উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এ তিনদিন যাতে রোহিঙ্গাদের খাদ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিড়ম্বনার শিকার হতে না হয় সে ব্যাপারে উপজেলা পরিষদে মজুদ সমস্ত ত্রাণ সামগ্রী ইতোমধ্যে ক্যাম্পে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার সুযোগে ভোট কেন্দ্রে শান্তিশৃঙ্খলা বিনষ্টে যে কেউ সুযোগ নিতে পারে। ফলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অস্থির পরিবেশ সৃষ্টিকারী মহল বিশেষ তত্পর থাকার আশঙ্কা করে প্রশাসন ক্যাম্পভিত্তিক নজরদারি বৃদ্ধি করেছে তিনি বলেন, উখিয়ার ৪৫টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, উখিয়ার ৪৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে রোহিঙ্গাদের গতিবিধি ও আচরণসহ তাদের নিয়ন্ত্রণে উখিয়ার ২৩টি ক্যাম্পে ২৬৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
