নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, শহরে আনন্দ মিছিল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৯

নওগাঁয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায়  আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে মিষ্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এই আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্রলীগ ।

জানা গেছে, ওই প্রজ্ঞাপনটি প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত একটি পত্র শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক-২ এর ব্যক্তিগত কর্মকর্তার কাছে অনুলিপি প্রদান করেছেন। 

২ ফেব্রুয়ারি ওই প্রজ্ঞাপনের সূত্রে জানা যায়, একটি আধা সরকারী পত্রের কথা উলে­খ করা হয়েছে। ওই পত্রের প্রেক্ষিতে নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে উলে­খ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত অভিপ্রায় অনুযায়ী আধা সরকারী ওই পত্রের মাধ্যমে আবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুন: লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করবে নড়াইলবাসী

প্রজ্ঞাপন প্রাপ্তির কথা নিশ্চিত করে নওগাঁ-১  আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, শিগগিরিই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যেই দুটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন করায় নওগাঁবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

এদিকে প্রস্তাব অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওগাঁ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্বদেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। আনন্দ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

ইত্তেফাক/এসি