কেন জানি না আজকাল এই কথাগুলো
ঘাই মারে মগজের কোনায় কোনায়,
যখনই আমি বসি লিখতে একটি মনমতো
কবিতা তোমাকে ভেবে ভেবে অনেকটা সময়।
কথাগুলো স্লোগানের মতো, তবে স্লোগান নয়।
কথাগুলো তর্কসাপেক্ষ, তবে চিন্তার খোরাকও জোগায়।
কথাগুলো এই যা আমাকে ভাবায়
ইদানীং হরহামেশাই :
কবির কোনো ব্যানারের দরকার নেই;
নেই প্রয়োজন কোনো সংগঠনের।
এমনকি অপ্রাসঙ্গিক কোনো সভায়
অংশগ্রহণও কবির জন্য নয়
যাকে বলে কিনা মানানসই।
কবির প্রয়োজন, কেবলই প্রয়োজন,
একটি খাতা সাদা পাতার আর
কালিভরা কলম বা মাথা-কাটা মসৃণ পেনসিল।
অথবা, প্রযুক্তির প্যাঁচ একেবারে এড়ানো
না গেলে একটি কার্যকর কিবোর্ড।
আর তারপর কবির কাজ কেবল
ভাবনার সাথে মিতালি পাতিয়ে
লিখে যাওয়া কবিতা একটির পর একটি
যেভাবে এখন আমি লিখছি।
