দেশি শূন্য, বিদেশি দুই

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৫

আজ দেশের প্রেক্ষাগৃহে কোনো দেশি সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের দুই সিনেমা। একটি অ্যাডভেঞ্চার, আর অন্যটি হরর ঘরানার।

প্রখ্যাত মার্কিন ঔপন্যাসিক জ্যাক লন্ডনের সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে অ্যাডভেঞ্চারধর্মী ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ পরিচালনা করেছেন ক্রিস স্যান্ডার্স। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, ড্যান স্টিভেনস, ক্যারেন গিলান, ব্র্যাডলি হুইটফোর্ড প্রমুখ। গল্পে দেখা যাবে, প্রত্যেক প্রাণীর মধ্যেই ভালো-খারাপ দুটি সত্তা বিদ্যমান। এছাড়া সকল প্রাণীর মধ্যেই স্বাধীনতা লাভ করার একটা চেতনা থাকে। এমনই কিছু বিষয়বস্তুর আঙ্গিকে বিখ্যাত আমেরিকান ঔপন্যাসিক জ্যাক লন্ডন রচনা করেন ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’। তখন বিংশ শতাব্দি শুরু হয়েছে সবে। স্বর্ণ সন্ধানী ও অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষেরা সুবিশাল পৃথিবীর নানা অদেখা প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। তখনো যান্ত্রিক যোগাযোগ ব্যবস্থা অতটা প্রতিষ্ঠিত হয়নি। বন্য পরিবেশে যোগাযোগ ব্যবস্থার একমাত্র অবলম্বন ছিল কুকুরের টানা স্লেজ ও ঠেলাগাড়ি। অ্যাডভেঞ্চারধর্মী এ সিনেমার  কাহিনি আবর্তিত হয়েছে ‘বাক’ নামে একটি কুকুরের জীবনকে ঘিরে। ‘বাক’ এই সিনেমার মূল নায়ক।

অন্যদিকে হরর ঘরানার ‘ব্রামস: দ্য বয় ২’ হলো ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘দ্য বয়’-এর সিক্যুয়েল। অতিপ্রাকৃত এই কাহিনিচিত্রের পরিচালক উইলিয়াম ব্রেন্ট বেল। চিত্রনাট্যকার স্ট্যাসি মেনিয়ার। অভিনয় করেছেন কেটি হোমস, ক্রিস্টোফার কনভেরি, রাফ ইনেসন প্রমুখ। এতে দেখা যাবে নিজের দুঃসহ অতীত ভুলতে চান মার্কিন তরুণী গ্রেটা। তাই নতুন চাকরি নিয়ে চলে যান ইংল্যান্ডের ছোট্ট এক গ্রামে। বিত্তশালী এক দম্পতি দীর্ঘ ছুটি কাটাতে যাবেন। এ সময় তাদের ৮ বছর বয়সী ছেলেকে দেখাশোনাই গ্রেটার দায়িত্ব। প্রত্যন্ত গ্রামে গিয়ে গ্রেটা টের পান, কোথাও যেন একটা গোলমাল আছে।