ম্যাচ রেফারি জেফ ক্রো

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

আগামীকাল মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের হোম সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। তারপর সিলেটে তিন ওয়ানডে ও মিরপুরে দুটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। ইতিমধ্যে গোটা সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে বিসিবি। সিরিজ জুড়ে তিন ফরম্যাটেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন জেফ ক্রো।

টেস্টে অনফিল্ড আম্পায়ার জো উইলসন ও পল রেইফেল। তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা, চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১ মার্চ শুরু হতে চলা সিরিজটাই অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ সিরিজ।

প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন কুমার ধর্মসেনা ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আম্পায়ারিং করা মাসুদুর রহমান মুকুল। তৃতীয় আম্পায়ার পল  রেইফেল, চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ।

দ্বিতীয় ওয়ানডেতে মাসুদুর রহমান মুকুলের সঙ্গে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল রেইফেল। কুমার ধর্মসেনা থাকবেন তৃতীয় আম্পায়ার হিসাবে, চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কুমার ধর্মসেনা ও শরফুদ্দৌলা ইবনে সৈকত থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসাবে। পল রেইফেল তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল।

দুই ম্যাচের টি-২০ সিরিজে থাকবেন শুধু আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়াররা। প্রথম ম্যাচে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও তানভির আহমেদ থাকবেন অন ফিল্ড আম্পায়ার। গাজী সোহেল তৃতীয় আম্পায়ার, মাসুদুর রহমান মুকুল চতুর্থ আম্পায়ার। দ্বিতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল অন ফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার তানভির আহমেদ ও চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।