পাসপোর্টের ঝামেলা শেষে গতকাল দুপুরে ঢাকায় ফিরে জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন বসুন্ধরা কিংস এবং পুলিশ দলের খেলা দেখতে। কীভাবে বিশ্বকাপ ফুটবলের আগামী ম্যাচটা ভালো খেলা যায় তা নিয়ে পরিকল্পনার অংশ হিসেবে জেমি লিগের খেলা দেখবেন।
প্রিমিয়ার ফুটবল লিগের খেলা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, নীলফামারী এবং কুমিল্লার ভেন্যুতে। কিন্তু সব ভেন্যুতে যাওয়া সম্ভব না। এর মধ্যে জেমি জানিয়েছেন, সিলেট এবং কুমিল্লায় যাবেন। সিলেটে তার পছন্দ। কারণ সিলেটেই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা হওয়ার কথা রয়েছে আগামী ২৬ মার্চ।
সিলেটে খেলা হবে তাই মাঠটা আগেই দেখার প্রয়োজন মনে করছেন জেমি। সেখানকার দর্শক জেমির পছন্দ। চাইছেন যদি খেলা হয় সেটা মন্দ হবে না। কারণ আগেও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের খেলা হয়েছিল সিলেটে। সেখানকার মাঠ এখন কেমন, তাও দেখা যাবে। কুমিল্লা নতুন ভেন্যু হয়েছে। এটি মোহামেডানের হোম ভেন্যু। ৭ মার্চ বসুন্ধরা মোহামেডান ম্যাচ হওয়ার কথা রয়েছে। এই ভেন্যুটি দেখবেন সেই সঙ্গে ম্যাচটাও দেখা হয়ে যাবে। কোচ জেমি জানান, ১৫ মার্চ অনুশীলন শুরু করবেন তিনি। যদিও ঐ দিন ফিকশ্চারে লিগের খেলা রয়েছে। সেক্ষেত্রে পরদিন অনুশীলন শুরু করে ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে ম্যাচ হবে। এরপর লিগের খেলা শুরু হবে।
লন্ডনে বাংলাদেশি ফুটবলার খুঁজেছিলেন জেমি ডে। কিন্তু পাননি। অনেক বাংলাদেশি আছেন। তারা ফুটবল খেলেন। কিন্তু ঢাকায় খেলতে রাজি না। কিংবা যারা আসতে চান তাদেরকে আনাও যায় না। এমন মন্তব্য করলেন জেমি ডে। জাতীয় দলের ক্যাম্পে নতুন মুখ দেখা যেতে পারে ইঙ্গিত দিয়েছেন কোচ। বাদশা ফিরেছেন এটা তার কাছে ইতিবাচক। তবে যেহেতু কয়েকজন ইনজুরিতে রয়েছেন তাই নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে।
