প্রার্থী না থাকলে বাদল রায়ই সভাপতি পদে লড়বেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি পদে কাজী সালাহউদ্দিনকে একা মাঠ ছেড়ে দিতে রাজি না বাফুফের সহসভাপতি বাদল রায়। গতকাল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

দীর্ঘদিন ধরে তরফদার রুহুল আমিন এ পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে রাখলেও সম্প্রতি তিনি মাঠ ছেড়ে চলে গেছেন। বিপরীতে ওই একই দিনে নির্বাচন করবেন বলে জানিয়ে রাখেন কাজী সালাহউদ্দিন। কিন্তু বর্তমান সভাপতিকে একা মাঠ ছেড়ে দিতে রাজি নন তারই সহসভাপতি বাদল রায়।

বাদল রায় ঘোষণা করেছেন, কেউ যদি সালাহউদ্দিনের বিপক্ষে নির্বাচন করতে না-ও আসেন, সেক্ষেত্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও সাবেক এই ফুটবলার বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। বলছিলেন চিকিত্সা শেষে ঢাকায় ফিরে ফুটবলের খোঁজ খবর রেখেছি।

দেশের ফুটবলকে পছন্দের জায়গায় দেখতে চাওয়ার আশায় তিনি নিজের মতামতের কথা জানিয়ে গতকাল দুপুরে মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করেন। বাফুফের বর্তমান সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়েছেন বাদল রায়। এই দুজনের মধ্যে অনেক দিন ধরেই মানসিক টানাপোড়েন চলছিল। নানাভাবে কেউ কারো মতের সঙ্গে মিল হতে পারছিলেন না।

সালাহউদ্দিনের সমালোচনা করে বাদল রায় বলেন, ‘সালাহউদ্দিন ভাই হয়তো মনে করেন উনি রাজপুত্র, উনার নির্বাচন করার প্রয়োজন নেই। এমনিই নির্বাচিত হবেন। তরফদার ভাই সরে গিয়েছেন। আমরা সরে যাইনি। আমরা কাউকে বিনা নির্বাচনে ছেড়ে দেব না।’