সীমিত ওভারের দুই সিরিজে সমতায় আছে ভারত ও নিউজিল্যান্ড। প্রথমে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে ভারত। এরপর বিরাট কোহলির দলকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করেছে নিউজিল্যান্ড। এ অবস্থায় ভারতের মূল চ্যালেঞ্জ, টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। দুই টেস্টের প্রথমটি আজ ওয়েলিংটনে শুরু হবে। এখানে অধিনায়ক বিরাট কোহলির সামনে আছে আলাদা একটা হাতছানি।
টেস্ট ক্রিকেটে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পিছনে ফেলার দ্বারপ্রান্তে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগামীকাল ভোরে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এ টেস্টে ১১ রান করতে পারলেই সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে যাবেন দেশটির বর্তমান দলনেতা কোহলি।
১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন গাঙ্গুলি। ১৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি ছিল তার ক্যারিয়ারে। ভারতের সফল অধিনায়ককে ছাড়িয়ে যাবার দ্বারপ্রান্তে কোহলি। ৮৪ টেস্টে ২৭টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরিতে ৭২০২ রান করেছেন কোহলি। ভারতীয়দের মধ্যে টেস্টে রান সংগ্রহের দিক দিয়ে সপ্তম স্থানে রয়েছেন কোহলি। গাঙ্গুলিকে টপকাতে পারলে ষষ্ঠ স্থানে উঠবেন তিনি। ২০০ টেস্টে ১৫, ৯২১ রান নিয়ে ভারতের পক্ষে ও বড়ো ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক এখনো শচীন টেন্ডুলকার। এই ব্যক্তিগত চ্যালেঞ্জের বাইরে ভারতের দলীয় একটা বিরাট চ্যালেঞ্জ আছে। ভারতের এই বিরাট কোহলির দলটাকে বলা হচ্ছে তাদের ইতিহাসের অন্যতম সেরা দল। বিশেষ করে এ দলের পেস আক্রমণ স্মরণকালের সেরা। এই দল নিয়ে দেশের মাটিতে অনেক কিছু জিতেছে তারা। কিন্তু তাদের এবার নিউজিল্যান্ডের মতো বিরূপ কন্ডিশনে টেস্ট জিতে দেখানোর পালা।
