কিশোরগঞ্জের বাজিতপুরে মাইজচর ইউনিয়নের পারকচুয়া গ্রামের দিনমজুর পরশ মিয়াকে (৩০) বুধবার দিবাগত গভীর রাতে গলাকেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রামের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে লাশ পাঠান হয়েছে। এদিকে ঘটনার পর বৃহস্পতিবার সকালে পারকচুয়া গ্রামের একটি পক্ষ আয়নারগোপ গ্রামের ৮-১০টি বাড়িঘর ভাংচুর ও পুরাতন চকবাজারের ১৪-১৫টি দোকান লুটপাট করেছে। আয়নারগোপ গ্রামের জসিমউদ্দিন জানান, লুটপাটকারীরা চকবাজারে তার চায়ের দোকানের টেলিভিশনসহ সব মালামাল ও একটি মোটরসাইকেলসহ মালামাল নিয়ে গেছে। এছাড়া আয়নারগোপ গ্রামের গোলাপ মিয়া, কিতাব আলী, মোগল মিয়া, খিলু মিয়া, মিজান ও শামসুসহ আট ৯ জনের গরু নিয়ে গেছে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইজচর ইউনিয়নের সাবেক মেম্বার লালু মিয়াকে আটক করেছে।
বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, পরশ স্ত্রীকে রক্ষা করার কথা বলে রাতে বেরিয়ে এসে খুন হন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
