পয়োবর্জ্য ব্যবস্থাপনা ও আইনি কাঠামো বিষয়ে কর্মশালা
গাজীপুর প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশনের পয়োবর্জ্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামো বিষয়ে অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
রামপালে কৃষিমেলা শুরু
বাগেরহাট প্রতিনিধি রামপালে তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলা উপলক্ষ্যে রামপাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রঘুনাথ কর।
মাগুরায় এসএমই পণ্যমেলা শুরু কাল
মাগুরা প্রতিনিধি মাগুরায় আগামীকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী এস এমই পণ্যমেলা ২০২০ জেলা কালেকটরেট মাঠে শুরু হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হয়। এতে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ অনেকে বক্তব্য রাখেন। শনিবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মেলার উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
শিবালয়ে তিন দিনব্যাপী বইমেলা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিবালয় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ জানান, এ বছর প্রথম বইমেলা আয়োজনের জন্য স্টল স্থাপন করা হয়েছে। স্থানীয় তিনটি কলেজ, পুস্তক ব্যবসায়ী সমিতি ও আগ্রহী পাঠাগার মালিকরা বইমেলায় অংশ নিয়েছে।
ঘোড়াশালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। সম্মেলনে ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল দত্ত সভাপতি ও মাইনুল হোসেন সাধারণ সম্পাদক এবং ৬ নম্বর ওয়ার্ডের মো. মোজাম্মেল হক সভাপতি ও শাহিনুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের প্রতিযোগিতা
শেরপুর প্রতিনিধি আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উপলক্ষ্যে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে এসব প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় পৃথক আটটি গ্রুপে শহরের শতাধিক শিশু অংশ নেয়। বিজয়ীদেরকে আজ শহিদ দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।
বয়স্ক, বিধবা ও অসচ্ছল ভাতাভোগী উন্মুক্ত বাছাই
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসচ্ছল ভাতাভোগী উন্মুক্ত বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মাঠে পরিষদের পক্ষ থেকে এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ১৫০ জন বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগীদের বাছাই করা হয়। বাছাই কাজে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ প্রমুখ।
মতলবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শহিদুল হক মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও অর্থ বিতরণ
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহম্মেদ যৌথভাবে এসব বিতরণ করেন।
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতাবিষয়ক সেমিনার
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহিদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
