পাঁচ দফা দাবিতে ঢাকা মেডিক্যালে কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৮

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালগুলোতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদ। এ সময় দুই ঘণ্টা বন্ধ থাকে প্রশাসনিক কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের সভাপতি আবু সাঈদ মিয়া বলেন, সরকারি হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ বন্ধ করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব পদে রাজস্ব খাতে নিয়োগ দিয়ে ডিপিসির মাধ্যমে যোগ্যতার বিচারে শূন্যপদে পদোন্নতি দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, তাদের এই দাবি মানা না হলে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে। এ সময়ের মধ্যে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে উপস্থিত ছিলেন—বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী কেন্দ্রীয় সমিতির সভাপতি এম এ হান্নান, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম আব্দুর রব, সাধারণ সস্পাদক মজিবুর রহমান খান ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিক্যাল শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।