বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিলে খালেদা জিয়ার জামিন হবে —নজরুল ইসলাম খান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করেননি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া একটি অমানবিক অপরাধ। সেই অপরাধ শুধু সরকারের হবে না, বাংলাদেশকে সেই অপরাধের দায় নিতে হবে। আমাদের বাংলাদেশকে হেয় করার অধিকার কারো নেই। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাব—অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তার জামিনের আবেদন করা হয়েছে। সঠিকভাবে বিচার বিভাগ চলতে পারলে তার জামিন হবে ইনশাল্লাহ। আর তা না হলে গণতান্ত্রিক পন্থায় তাকে মুক্ত করা হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করতে না পেরে প্রেসক্লাবের ভেতরে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, প্রেসক্লাবের পেছনে ওসমানী উদ্যানে প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম আছে, তাই তার নিরাপত্তাজনিত কারণে প্রেসক্লাবের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের (বৃহস্পতিবার) মানববন্ধন কর্মসূচি আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে পালন করব।