জার্মানিতে দুইটি বারে বন্দুকধারীদের গুলি, নিহত ৯

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের দুইটি সিসা বারে উগ্র ডানপন্থি এক বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে তার নিজ ঠিকানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ?বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পরপর দুই জায়গায় এই হামলার ঘটনায় আরো পাঁচ জন আহত হন। পরে আহতদের মধ্যে এক জন মারা যান।

বিবিসি জানিয়েছে, হামলাকারীর সঙ্গে আর কোনো সহযোগী ছিল না বলেই মনে করছে পুলিশ। তদন্ত চলার কথা জানিয়েছে তারা। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়। জার্মানির বিল্ড সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি তোবিয়া নামের এক জার্মান নাগরিক, তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তার গাড়িতে গুলি ও আগ্নেয়াস্ত্রের কয়েকটি ম্যাগাজিন পাওয়া গেছে। প্রথম গুলির ঘটনাটি শহরটির কেন্দ্রস্থলের একটি বারে ঘটেছে আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হানাউয়ের ক্যাসুস্টাট এলাকার অপর একটি বারে। এ ঘটনার পর সন্দেহভাজনকে ধরতে সাত ঘণ্টা অভিযান চালায় পুলিশ।