অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নারীদের যে সব কাজ টাকার অঙ্কে পরিমাপ করা সম্ভব, সেই কাজগুলোকে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আগামী বাজেটে এর একটি প্রতিফলন থাকবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অর্থনীতিতে নারীর অবদান বিষয়ে এক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক ড. সেলিম জাহান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নারীর কাজের অবদান বিষয়ে ব্র্যাকের চেয়ারম্যানকে একটি সুপারিশমালা তৈরি করতে হবে। আন্তর্জাতিকভাবে যে সব স্বীকৃত পদ্ধতি আছে, সেগুলো মেনেই হিসাব করতে হবে। তিনি আরো বলেন, আমাকে আমার মা জন্ম দেওয়ার পর থেকেই লালন পালন করেছেন। জন্মের পর থেকে বড়ো হওয়ার প্রতিটি ক্ষেত্রে সহায়তা দিয়েছেন। আমার মায়ের কাজেরও স্বীকৃতি দিতে পারছি না। আমাদের ইসলাম ধর্মও নারীদের সমতা ও ক্ষমতায়নের বিষয়কে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রীও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। এ জন্য নারীর ক্ষমতায়নে পরিবর্তন হতে শুরু করেছে। নতুন চাকরি ও শিক্ষা ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে সংসদ সদস্য নির্বাচনে নারীরা এগিয়ে যাচ্ছেন।
