বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে এলেঙ্গা পৌরসভার রাজবাড়ী গ্রামের মো. ইমন (১৭) ও মো. শাওন (১৭) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়। গতকাল এলেঙ্গা লুত্ফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ধোবাউড়া পোড়াকান্দুলীয়ায় অটোরিকশার চাপায় দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মানসুরা খাতুন (৮) নিহত হয়। চাঁনপাগার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে ইজিবাইকের চাকা খুলে খাদে পড়ে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের মা সিমা বেগম খুকি (৪০) নিহত হয়েছেন। গতকাল কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুরে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের রায়পুরে গতকাল অটোরিকশা-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হেলেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী, জামাতা ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া বাসস্ট্যান্ডে বুধবার বাস চাপায় সালমা বেগম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সালমা মাজড়া আল হেরা কিন্ডার গার্টেনের শিক্ষিকা ও ঐ গ্রামের মুক্তিযোদ্ধা দুলু শেখের স্ত্রী।
চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে নোয়াখালীর সুধারাম উপজেলার কালাচাঁদ গ্রামের মো. ইসমাইল হোসেন (২৩) নিহত হয়েছেন। গতকাল উপজেলার ঠাকুরদিঘীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা মদনে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমির দুই পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল চানগাঁও-রত্নপুর সড়কে অটো-হ্যান্ডট্রলি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের শিবালয়ে গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।
নেত্রকোনা মদনে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমির দুই পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল চানগাঁও-রত্নপুর সড়কে অটো-হ্যান্ডট্রলি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
