চট্টগ্রাম সিটি নির্বাচন

নাছিরকে নিয়ে মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেলেন মেয়র প্রার্থী রেজাউল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫১

চট্টগ্রাম সিটির বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে গতকাল বৃহস্পতিবার  প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে যান আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি মেয়র নাছিরসহ নগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে চট্টগ্রামের প্রয়াত নেতাদের কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানান।

মনোনয়ন ঘোষণার পর গত বুধবার বিকালে রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামে আসেন। নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে রেজাউল করিম চৌধুরীকে দেওয়া সংবর্ধনায় অনুপস্থিত ছিলেন মনোনয়ন বঞ্চিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তবে গতকাল  দুপুরে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে চশমাহিলে প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসায় হাস্যোজ্জ্বল মুখে তিনি উপস্থিত হন।

নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন ইত্তেফাককে বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী দিনের    কর্মসূচি শুরু করেন চট্টগ্রামের প্রয়াত নেতা জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ, এম এ মান্নান, সিরাজুল হক মিয়া, ইসহাক মিয়া, আতাউর রহমান খান কায়সার, এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং কাজী ইনামুল হক দানুর কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে। জহুর আহমদ চৌধুরীর কবর জিয়ারতের পর তার পুত্র নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে কুশল বিনিময় করেন তিনি। জহুর আহমদ চৌধুরী, এম এ মান্নান এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারতের সময় মেয়র নাছিরও তার সঙ্গে ছিলেন। দুপুরে রেজাউল করিম এবং আ জ ম নাছির উদ্দীন মহানগরী আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রথমে প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান। সেখানে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী মহানগরী মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তারা মহিউদ্দিন চৌধুরীর কবরে  শ্রদ্ধা জানান। অন্য নেতৃবৃন্দের মধ্যে অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আবদুচ ছালাম, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, শহীদুল আলম প্রমুখ এ সময় রেজাউল করিম চৌধুরীর সঙ্গে ছিলেন।